লাখাইয়ে মোবাইল কোর্টে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মো. সাইদুল (৪৫) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মোড়াকরি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল উপজেলার মোড়াকরি গ্রামের মৃত কাসেমের ছেলে। তিনি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মোড়াকরি এলাকায় কয়েক পুরিয়া গাঁজাসহ সাইদুলকে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ও পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান মাদকসংক্রান্ত অপরাধে সাইদুলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, মোবাইল কোর্টের আদেশের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা পরোয়ানার মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
Post a Comment