ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

বিদায় বেলায় ওসি হাবিবুল্লাহর বার্তা‘ভালো থাকুক ডোমারের প্রত্যেকটি জনগণ

মোঃ মকবুলার রহমান 
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

দীর্ঘ ১০ মাস ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার প্রাক্কালে ডোমারবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বিদায়ী ওসি হাবিবুল্লাহ। নিজের দায়িত্বকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেছেন, ডোমারবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে জুয়া ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূল এবং যুবসমাজকে ভালো পথে ফিরিয়ে আনতে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডোমারবাসীর উদ্দেশে এসব কথা বলেন ওসি হাবিবুল্লাহ। বিদায় মুহূর্তে তিনি ডোমারের মানুষের ভালো থাকা, নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।
ভিডিও বার্তায় ওসি হাবিবুল্লাহ বলেন, ‘প্রিয় ডোমারবাসী, আসসালামু আলাইকুম। শ্রেণিভেদে আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একেবারেই বিদায়ের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি দীর্ঘ ১০ মাস আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম।’
নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জন্ম-মৃত্যু, বিয়ে, ধন-দৌলত আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। তো, আমি আপনাদের এখানে ছিলাম। আপনাদেরকে আমি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।’
দায়িত্ব পালনকালে এলাকার সামাজিক ব্যাধি হিসেবে জুয়া ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি এলাকার যে সামাজিক ব্যাধিগুলো—জুয়া, মাদক—এগুলো নির্মূলের জন্য চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যুবসমাজকে একটি ভালো কিংবা ভালো পথে আসার জন্য চেষ্টা করেছি।’
মাদক ও চুরির মতো অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত বিচার বা ‘সামারি ট্রায়াল’-এর মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। ওসি হাবিবুল্লাহ বলেন, ‘আমরা লাস্ট দেখেন কিছুদিন সামারি ট্রায়াল করেছি। সামারি ট্রায়ালের মাধ্যমে যারা মাদক সেবন করে কিংবা চুরি করে, এদেরকে হাতেনাতে ধরে দ্রুত সময়ে সংক্ষিপ্ত বিচার, যেটা বলে সামারি ট্রায়াল, এর মাধ্যমে বছরব্যাপী কিন্তু আমরা সাজা দেওয়ার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘এক বছর কাউকে, ৬ মাস, ২ মাস—এভাবে সাজাও দিয়েছি। এবং এগুলো আমরা প্রচারেরও চেষ্টা করেছি, যেন এটা থেকে সবাই নিবৃত্ত থাকে, নিজেকে যেন সংযত রাখে।’
দায়িত্ব পালনে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক মহল এবং সাংবাদিকদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বিদায়ী এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা যারা ইলেকট্রনিক্স—বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, এরা কিন্তু আমাদের অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছে।’
এলাকাবাসীর সহযোগিতার কথাও উল্লেখ করে ওসি হাবিবুল্লাহ বলেন, ‘এলাকাবাসীরাও বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। মনে করি যে আপনারা  হয়তোবা আমার সাথে  একমত হবেন, ডোমারে কিন্তু মাদকের বিরুদ্ধে একটা রেনেসাঁ তৈরি হয়েছে, একটা জাগরণ তৈরি হয়েছে।’
মাদকের বিরুদ্ধে এই সচেতনতা ও প্রতিরোধের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা এই জাগরণটা তৈরি করতে সক্ষম হয়েছি।’
বিদায়বেলায় ডোমারবাসীর উদ্দেশে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আশা করি যে আপনারা ভালো থাকবেন সামনের দিনগুলোতে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
সবশেষে নিজের দায়িত্বকালীন সফলতা-ব্যর্থতার প্রসঙ্গ টেনে ওসি হাবিবুল্লাহ বলেন, ‘তো সবারই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, ব্যর্থতার দায়টুকু আমি নিয়ে আমি বিদায় নিচ্ছি ডোমার থেকে। সবাই ভালো থাকবেন। আমার পরিবার-পরিজনসহ সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।’
বিদায়ী ওসি হাবিবুল্লাহর এই বক্তব্যে দায়িত্ব পালনের সময় ডোমারের মানুষের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা, মাদক ও জুয়ার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং যুবসমাজকে অপরাধমুক্ত রাখার প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে বিদায়ের মুহূর্তে তিনি ডোমারের প্রতিটি মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

No comments