মিঠাপুকুরে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা: প্রেরণা দিলেন এমপি গোলাম রব্বানী
সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন মাস্টারের সার্বিক আয়োজনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও আগামী দিনের পথচলার দিকনির্দেশনা দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি । অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী এমপি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে একজন আদর্শ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ও ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সাথে দেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
গোলাম রব্বানী এমপি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার তাগিদ দেন।শুধু জিপিএ-৫ পাওয়ার লক্ষ্যেই সীমাবদ্ধ না থেকে, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিতে এখন থেকেই কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।স্মার্ট বাংলাদেশ' গড়তে কৃতি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজক ও কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন মাস্টার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় শিক্ষাবিদগণ। তারা বলেন,এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো করার শক্তি জোগাবে। আমরা আশা করি আমাদের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে কাফ্রিখাল ইউনিয়ন তথা পুরো দেশের নাম উজ্জ্বল করবে।সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষে এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে,আজকের এই সম্মাননা আমাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। মাননীয় সংসদ সদস্য ও চেয়ারম্যান মহোদয়ের এই অনুপ্রেরণা আমাদের আগামীতে দেশ গড়ার কারিগর হতে উদ্বুদ্ধ করবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কাফ্রিখাল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post a Comment