ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

‎মির্জাগঞ্জ রেলস্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে হাজারো মানুষের মানববন্ধন



মোঃ মকবুলার রহমান
‎ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

‎‎নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্ম ও রেললাইন চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আন্তঃনগরসহ একাধিক ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় হাজারো মানুষ।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন ও মির্জাগঞ্জ এলাকাসহ আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মির্জাগঞ্জ রেলস্টেশনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় ‘১ নম্বর প্ল্যাটফর্ম চালু কর’, ‘আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দিতে হবে’সহ বিভিন্ন দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর।
‎
‎সরেজমিনে দেখা যায়, ভোর হওয়ার আগেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা মির্জাগঞ্জ রেলস্টেশনে এসে জড়ো হন। দীর্ঘদিন ধরে রেলসেবা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরে তারা দ্রুত স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানান।
‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় মির্জাগঞ্জ রেলস্টেশনটি ডোমারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ডিমলা, জলঢাকা, টুনির হাট, দেবীগঞ্জ ও পঞ্চগড়সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ এ স্টেশন ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। কিন্তু দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে স্টেশনটি অনেকটাই অবহেলিত অবস্থায় রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
‎বর্তমানে চিলাহাটি ও উত্তরাঞ্চল থেকে প্রতিদিন একাধিক ট্রেন চলাচল করলেও মির্জাগঞ্জ স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোর নিয়মিত যাত্রাবিরতি নেই। স্থানীয়দের দাবি, সারাদিনে মূলত চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি স্টেশনে থামে। তবে সেটিও ১ নম্বর উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার না করে ২ নম্বর লাইনে থামায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
‎এলাকাবাসীর অভিযোগ, ২ নম্বর লাইনে যাত্রী ওঠানামার উপযোগী উঁচু প্ল্যাটফর্ম ও শেড না থাকায় বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের ট্রেনে উঠতে-নামতে ব্যাপক ঝুঁকি নিতে হয়। অনেক সময় ট্রেনে ওঠার সময় যাত্রীরা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও স্থানীয়রা দাবি করেন।
‎মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বয়োজ্যেষ্ঠ আলতাফ হোসেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে মির্জাগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইন কার্যত বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন রেলস্টেশনে আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বাড়ানো হলেও মির্জাগঞ্জ স্টেশনটি সেই সুবিধা থেকে বঞ্চিত। ১ নম্বর প্ল্যাটফর্মে শেডসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করা হচ্ছে না।
‎তিনি বলেন, “আমরা চাই দ্রুত ১ নম্বর লাইন ও প্ল্যাটফর্ম চালু করা হোক। স্টেশনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে তিতুমীর, বরেন্দ্র ও খুলনা মেলসহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।”
‎স্থানীয় যুবক শাওন ও আনোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জ এলাকার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য অন্য স্টেশনের ওপর নির্ভর করতে হচ্ছে। এলাকার অনেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তাদের ট্রেন ধরতে দূরের স্টেশনে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।
‎তারা বলেন, “আমাদের দাবি খুবই পরিষ্কার। অবিলম্বে ১ নম্বর প্ল্যাটফর্ম চালু করতে হবে। পাশাপাশি তিতুমীর, রূপসা, নীলসাগর ও খুলনা মেলসহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি দিতে হবে।”
‎মানববন্ধনে শরিফুল ইসলাম বলেন, এলাকাবাসী কোনো ব্যক্তিগত সুবিধা কিংবা বিলাসবহুল দাবি নিয়ে রাস্তায় নামেননি। এটি দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করার দাবি।
‎তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি। দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
‎স্থানীয় বাসিন্দারা বলেন, মির্জাগঞ্জ রেলস্টেশনটি শুধু একটি রেলস্টেশন নয়, এটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ডোমারসহ আশপাশের কয়েকটি উপজেলার বিপুলসংখ্যক মানুষ সরাসরি উপকৃত হবেন।
‎এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ ও যোগাযোগ সংকট বিবেচনায় নিয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত মির্জাগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও লাইন চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।

No comments