গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের মেরামত-সংস্কারে ১৫ লাখ টাকা বরাদ্দ
মোঃ মকবুলার রহমান / ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের মেরামত ও সংস্কার কাজের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত এর কর্মসূচি থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অনুমোদিত কাজের তালিকায় নীলফামারী জেলার ডোমার উপজেলার গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের মেরামত ও সংস্কার কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় এ কাজের বিপরীতে বরাদ্দের পরিমাণ ১৫ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত বরাদ্দ অনুযায়ী নির্ধারিত কাজের জন্য সর্বশেষ অনুমোদিত PWD Schedule of Rates মোতাবেক প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এরপর প্রচলিত সরকারি বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে e-GP-এর OTM/LTM পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ বাস্তবায়নের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কাজের নাম বা শর্ত পরিবর্তনের প্রয়োজন হলে যথাযথ কারণ উল্লেখ করে প্রধান কার্যালয়ের অনুমোদন নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয়তার নিরিখে যৌক্তিকতা অনুসরণ করে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নীলফামারী কার্যালয়কে সংশ্লিষ্ট কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ দপ্তরের কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
১৫ লাখ টাকার এ বরাদ্দকে গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বরাদ্দের অর্থে অনুমোদিত মেরামত ও সংস্কার কাজ যথাযথভাবে বাস্তবায়িত হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
Post a Comment