ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, ভ্যানে করে মরদেহ বাড়ির আঙ্গিনায় রেখে চলে আসার অভিযোগ


‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি।।
‎পঞ্চগড়ের দেবীগঞ্জে নবনির্মিত সেফটিক ট্যাংকে সংস্কার ও সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে বাবুরাম দেবসিংহ (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় বাড়ির মালিক ও হেড মিস্ত্রিসহ আটজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা হয়েছে।নিহত বাবুরাম দেবসিংহ দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা।
‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সকাল ৯টার দিকে দেবীগঞ্জের একটি বাড়িতে নবনির্মিত সেফটিক ট্যাংকের সংস্কারকাজের জন্য বাবুরামকে ডেকে নেওয়া হয়। দীর্ঘদিন ঢাকনা দিয়ে বন্ধ থাকায় ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকলেও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই তাঁকে ভেতরে নামানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
‎এজাহারে আরও বলা হয়, ট্যাংকের ভেতরে কাজ করার সময় বাবুরাম অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে আসামিরা সময়ক্ষেপণ করেন। পরে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় ট্যাংকের ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
‎নিহতের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাভলী বেগম, রানা সরকার ও মুজিবুল ইসলাম বাবুরামের মরদেহ সাইফুল ইসলামের অটোরিকশায় করে তাঁর বাড়ির আঙিনায় রেখে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠায়।
‎মামলায় আসামিরা হলেন- শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জামুড়ীতলি গ্রামের মৃত নসরুল ইসলামের ছেলে শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাব্বি হোসেন, মো. বাবুল হোসেন ও মো. জুয়েল ইসলাম, তাঁর মেয়ে লাভলী বেগম, একই এলাকার কসিম উদ্দিনের ছেলে মুজিবুল ইসলাম, আলম ইসলামের ছেলে রানা সরকার, সাইফুল ইসলাম এবং টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর গ্রামের ভোলানাথের ছেলে হেড মিস্ত্রি উত্তম রায়।
‎নিহতের কাকা ও মামলার বাদী বুদ্ধ চরণ দেবসিংহ বলেন, ‘বাবুরাম সেফটিক ট্যাংকে নেমে অসুস্থ হওয়ার পরও তাঁকে হাসপাতালে নেওয়া হলো না কেন? যথাসময়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে তাঁর জীবন রক্ষা করা সম্ভব হতো। আসামিদের অবহেলার কারণেই আমার ভাতিজার মৃত্যু হয়েছে।’
‎তবে বাড়ির মালিক নবির হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ঢাকায় থাকি। ঘটনার দিন মিস্ত্রি ও শ্রমিকরা মূলত বাড়ির জানালার কাজ করতে এসেছিলেন। সেফটিক ট্যাংকটিও প্রায় দেড় মাস আগে ওই মিস্ত্রিরাই নির্মাণ করেছিলেন।’
‎তিনি আরও বলেন, জানালার কাজ শেষে হেড মিস্ত্রি উত্তম রায় শ্রমিকদের সেফটিক ট্যাংকের ভেতরে গিয়ে কাঠের সেন্টারিং খুলতে বলেন। তাঁর মা তখন বাড়িতে একা ছিলেন। শ্রমিকদের ডাকাডাকি শুনে তিনি এগিয়ে গিয়ে তাঁদের অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
‎মামলার প্রধান আসামি ইউপি সদস্য রাব্বি হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকায় ছিলাম। আমার সহধর্মিণীর ফোন পেয়ে বাড়িতে গিয়ে দেখি, সেফটিক ট্যাংক থেকে শ্রমিকদের বের করা হয়েছে। বাড়িটি আমার ভাগিনার। সে ঢাকায় থাকে। ওই মিস্ত্রিরাই বাড়ির সব কাজ করেছেন। হেড মিস্ত্রির কথায় তারা নবনির্মিত সেফটিক ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।’
‎ঘটনার সময় সেখানে থাকা শ্রমিক ভাগ্য রায় বলেন, ‘হেড মিস্ত্রির নির্দেশে বাবুরাম ও গৌতম সেফটিক ট্যাংকের ভেতরে সেন্টারিং খুলতে নামার পর অসুস্থ হয়ে যায়।  তাঁদের উদ্ধারের জন্য আমি ভেতরে ঢুকলে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে যাই। পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে আমরা কেউই সেফটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করিনি।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

No comments