ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং জেলার সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন অতিথিরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাছ উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ এবং দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাংলাদেশকে মৎস্য উৎপাদনে আরও এগিয়ে নিতে হবে। তিনি সরকারি বিভিন্ন উদ্যোগ কাজে লাগিয়ে যুবসমাজকে বাণিজ্যিকভাবে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম এবং টুপামারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা সিমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শাহিনা বেগম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল।
এ সময় জেলার সফল মৎস্য উদ্যোক্তাদের অভিজ্ঞতা তুলে ধরেন কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের মৎস্যচাষী সাইফুজ্জামান, সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জাবেদ আলী এবং খোকশাবাড়ি ইউনিয়নের আব্দুল মালেক।
জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল জানান, বর্তমানে নীলফামারী জেলায় বছরে মাছের চাহিদা প্রায় ৪১ হাজার ৪২৭ মেট্রিক টন, অথচ উৎপাদন হচ্ছে ৩৪ হাজার ৩৬৭ মেট্রিক টন। এই ঘাটতি পূরণে জেলার খাল, বিল, নদী, জলাশয় ও পুকুরে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মাছের নার্সারি স্থাপন, জেলেদের প্রশিক্ষণ প্রদান এবং মৎস্য গ্রাম গড়ে তোলার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে মৎস্য বিভাগ।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। গুণগত মানসম্পন্ন মাছের পোনা উৎপাদনে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া গ্রামের বুদারু রায়, উন্নতমানের কার্প জাতীয় মাছ উৎপাদনে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সফল মৎস্যচাষী সাইফুজ্জামান এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার অভয়াশ্রম সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সম্পৃক্ত জেলে সংগঠনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য উদ্যোক্তা, জেলে, প্রশিক্ষণপ্রাপ্ত মৎস্যচাষী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং দেশীয় মাছের সংরক্ষণে জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।

No comments