ফুলবাড়ীতে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন: র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্য চাষীদের সম্মাননা
তুষার চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি।।
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ পারভেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করতে তিনি মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, বেদদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল, ফুলবাড়ী পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং অসংখ্য মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে প্রতীকীভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় অতিথিরা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মৎস্য চাষীদের উৎসাহিত করার পাশাপাশি টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে।
Post a Comment