Trending

6/recent/ticker-posts

গোমনাতি ফরেস্টে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক | ডোমার, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ফরেস্ট এলাকায় ছুটিতে আসা এক সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তা এবং মারধরের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডোমার উপজেলার উত্তর গোমনাতি এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলাম বাবু এবং একই এলাকার মো. সারোয়ার আলীর ছেলে মো. আলমগীর হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রায়হান ইসলাম ছুটিতে নিজ বাড়িতে আসেন। পরে তিনি তার স্ত্রীকে নিয়ে স্থানীয় গোমনাতি ফরেস্ট এলাকায় ঘুরতে যান। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন যুবক তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
একপর্যায়ে সেনা সদস্য রায়হান ইসলাম নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিলেও অভিযুক্তরা তা বিশ্বাস করেননি। বরং তাকে ও তার স্ত্রীকে বিভিন্নভাবে হেনস্তা করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে সেনা সদস্যের বাবা নুর আলম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্তে তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments