ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে রাসেল বসুনিয়ার জানাজা ও দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চিলাহাটি এলাকার পরিচিত মুখ ও যুবলীগ নেতা একেএম জাহাঙ্গীর বসুনিয়া (রাসেল বসুনিয়া)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় গভীর শোকের আবহ তৈরি করে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ ছুটে আসেন। প্রিয় মানুষটির শেষ বিদায়ে মানুষের ঢল নামায় জানাজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মরহুমের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, রাসেল বসুনিয়া ছিলেন একজন প্রাণবন্ত, সাহসী ও জনকল্যাণমুখী ব্যক্তি। এলাকার যেকোনো সমস্যা ও সংকটে তিনি মানুষের পাশে দাঁড়াতেন, যার কারণে সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান।

পরিবারের সদস্যরা জানান, রাসেল বসুনিয়ার আকস্মিক মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে সড়কে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী রাসেল বসুনিয়া ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়। এছাড়া দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেন। পরে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ রয়েছে এবং সংস্কারকাজ চললেও প্রয়োজনীয় সতর্কীকরণ সাইনবোর্ড ও নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত সড়কের সংস্কারকাজ সম্পন্ন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করছে বলে জানা গেছে।

রাসেল বসুনিয়ার অকাল মৃত্যুতে চিলাহাটি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

আল্লাহ তাআলা মরহুম একেএম জাহাঙ্গীর বসুনিয়া (রাসেল বসুনিয়া)-কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন

No comments