চিলাহাটিতে তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি, পুকুরে মিলল বাকি অংশ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে একটি ধান ভাঙানোর মিলের তিনটি ১০ কেভি ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ট্রান্সফরমারগুলোর তার কেটে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। পরে ট্রান্সফরমারের অবশিষ্ট অংশগুলো পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটির ধান ভাঙানোর মিলটির মালিক সিরাজুল কবির। মিল প্রাঙ্গণে স্থাপিত তিনটি ১০ কেভি ট্রান্সফরমার থেকে তার কাটা এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। সকালে স্থানীয়রা ট্রান্সফরমারগুলোর তার কাটা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুরে ট্রান্সফরমারের বিভিন্ন অবশিষ্ট অংশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এ সময় পুলিশ পুকুর থেকে ট্রান্সফরমারের পড়ে থাকা অংশগুলো উদ্ধার করে জব্দ করে। পরে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা অংশগুলো মালিকের হেফাজতে রাখা হয়।
মিল মালিকের ছেলে সম্পদ বলেন, তিনটি ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় মামলা করা হবে কি না, সে বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় চিলাহাটিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
Post a Comment