মিঠাপুকুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধার স্বীকৃতিতে উৎসবমুখর আয়োজন
সাজেদুর রহমান,মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি।।
রংপুরের মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৭ই অক্টোবর মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে খোলা চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের এই মেধার স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা এনামুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রব্বানী বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি। কেবল ভালো ফলাফল করলেই হবে না, মেধার সঠিক বিকাশ ঘটিয়ে নিজেদের দেশ ও দশের কল্যাণে নিয়োজিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষক সমিতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই গৌরবোজ্জ্বল ফলাফল শুধু শিক্ষার্থীদের নয়, বরং সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল।তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জ্ঞান ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তারা তরুণ সমাজকে আহ্বান জানান।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও মতামত ব্যক্ত করেন। কৃতি শিক্ষার্থীরা বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির এই আয়োজন আমাদের জীবনের অন্যতম সেরা একটি দিন উপহার দিয়েছে। মাননীয় সংসদ সদস্যের হাত থেকে ক্রেস্ট নেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করে বলেন, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশ ও বিশেষ করে অবহেলিত মিঠাপুকুর উপজেলার মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে চান। একই সঙ্গে তারা এই সাফল্যের পেছনে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও মা-বাবার ত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো মহাবিদ্যালয় মাঠজুড়ে শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Post a Comment