ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ফান্ড সংকটে দুই মাস ধরে বন্ধ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজ, জনমনে ক্ষোভ


এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি।।

হবিগঞ্জের লাখাই উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ অর্থসংকটে থমকে রয়েছে। প্রায় দুই মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এ ধর্মীয় স্থাপনার নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন উপজেলার সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাখাই মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় সাড়ে ১২ কোটি টাকা। প্রকল্পটির নির্মাণকাজ শেষ করে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তবে অর্থছাড় না হওয়ায় কাজের গতি ব্যাহত হচ্ছে। একপর্যায়ে অর্থসংকটের কারণে সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বিপরীতে চার কিস্তিতে মোট প্রায় চার কোটি টাকা বিল পেয়েছেন তাঁরা। কাজের অগ্রগতির তুলনায় বিলের অর্থ না পাওয়ায় নির্মাণকাজ চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের মজুরি, নির্মাণসামগ্রী কেনা এবং অন্যান্য ব্যয় মেটাতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় কাজ বন্ধ রাখতে হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার এ টি এম ফয়জুল করীম বলেন, গত সাত মাস ধরে হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিলের অর্থ ছাড়ের জন্য বারবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রয়োজনীয় বিল পাওয়া যায়নি। ফলে নির্মাণকাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শ্রমিকদের মজুরি পরিশোধ করতে না পারলে তাঁরা কাজ করবেন না। এ পরিস্থিতিতে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ হাবিব বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ফান্ড না থাকায় ঠিকাদারকে বিল দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অর্থসংকটের কারণে ঠিকাদার নির্মাণকাজ বন্ধ রাখবেন কেন, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে, লাখাই উপজেলার সচেতন মহলের অনেকে মডেল মসজিদের নির্মাণকাজের এমন স্থবিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, ধর্মীয় উপাসনার পাশাপাশি মডেল মসজিদগুলো ইসলামিক শিক্ষা, ধর্মীয় আলোচনা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অথচ লাখাইয়ের এ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

সচেতন মহলের প্রশ্ন, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও অর্থসংকটের কারণে কেন নির্মাণকাজ বন্ধ থাকবে এবং এ পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কোথায়? তাঁদের আশঙ্কা, দ্রুত অর্থছাড় ও নির্মাণকাজ পুনরায় শুরু করা না গেলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা কঠিন হয়ে পড়তে পারে।

তাঁরা আরও বলেন, সরকারি গুরুত্বপূর্ণ এ প্রকল্পের নির্মাণকাজে দীর্ঘসূত্রতা জনমনে নেতিবাচক ধারণা তৈরি করছে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগের সমন্বিত উদ্যোগে অর্থসংকট নিরসন করে দ্রুত নির্মাণকাজ শুরু করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, লাখাই মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও বিল পরিশোধের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে মসজিদটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

No comments