লাখাইয়ে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাতধোয়া প্রদর্শনী
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হাতধোয়া প্রদর্শনীতে অংশ নেন অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরা হয়। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব—এমন বার্তাও কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রবিউল আলম, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রাকিব, উপজেলা পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা কান্তি ভূষণ সেনগুপ্ত এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিইর প্রতিনিধি।
এ ছাড়া কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
বিশ্ব হাতধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তাও এ কর্মসূচিতে প্রতিফলিত হয়।
Post a Comment