দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন ওমর আলী। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখা যায়। তিনি পুকুরের পানিতে পড়ে থাকতে পারেন—এমন ধারণা থেকে স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে রাত হওয়ায় তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযান শেষে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, ‘সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে রংপুরে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এসে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘প্রাথমিক সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Post a Comment