ডোমারের দক্ষিণ গোমনাতীতে জলাবদ্ধতা নিরসনে বাঁধ নির্মাণের স্থান পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক।।
নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার প্রেক্ষাপটে বাঁধ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার।
পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা জানান, বছরের অধিকাংশ সময় জমিতে পানি জমে থাকায় ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন এবং এলাকার কৃষি উৎপাদনও কমে যাচ্ছে।
সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন, যাতে ক্ষতিগ্রস্ত জমিগুলো পুনরায় চাষাবাদের উপযোগী করা যায়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কৃষক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে সংসদ সদস্যের উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে সরকারপাড়া এলাকার শতাধিক বিঘা কৃষিজমি আবারও আবাদযোগ্য হয়ে উঠবে এবং কৃষকদের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
Post a Comment