নটাবাড়ী–নাউতারা সড়কের ভাঙা ব্রিজ পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার, দ্রুত পুনর্নির্মাণের আশ্বাস
নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ী–নাউতারা সংযোগ সড়কের দীর্ঘদিনের ভাঙা ব্রিজ পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভোগান্তির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এলাকাবাসীর অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, জনগণের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙা ব্রিজের কারণে মানুষের যে কষ্ট হচ্ছে, তা দ্রুত নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ব্রিজটির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সংস্কার অথবা পুনর্নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।
Post a Comment