নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ভ্যান দুমড়েমুচড়ে নিহত ৪, একই পরিবারের তিনজনের প্রাণহানি
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়াপাড়া সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন।
নিহতরা হলেন, পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের ওলি বর্ম্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা বর্মন (৩০), প্রতিমা বর্মনের মেয়ে বিপাশা বর্মন (৮) এবং ছেলে যাদব বর্মন (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিমল বর্মনের ভ্যানে করে পরিবারের সদস্যরা বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে একবট এলাকায় পৌঁছালে জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার আঘাতে ভ্যানচালক পরিমল বর্মন, প্রতিমা বর্মন, বিপাশা বর্মন ও যাদব বর্মন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও এক যাত্রী, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
একই পরিবারের তিন সদস্যসহ চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে নদীয়াপাড়া গ্রামজুড়ে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
Post a Comment