বিএসএফআইসি জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি:
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) জিয়া পরিষদের উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু রায়হানের তত্ত্বাবধানে পঞ্চগড় চিনিকলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় চিনিকল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মিল প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু রায়হান, পঞ্চগড় চিনিকলের জেনারেল ম্যানেজার (অর্থ) মো. খোরশেদ আলম খন্দকার, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কৃষি) মো. ফরিদুল আলম, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কারখানা) শিল্পী খাতুন এবং ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) মো. হাসানুজ্জামানসহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বিএসএফআইসি জিয়া পরিষদের সভাপতি আবু রায়হান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।
শেষে অতিথিবৃন্দ মিল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
Post a Comment