সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ মকবুলার রহমান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (এসপি নং-৭৬১৫৩)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় ডোমার উপজেলার গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত এ সভায় সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র আইডিএস, এলজিইডি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, আইডিএস, এলজিইডি, রংপুর এবং মোঃ জাহাঙ্গীর আলম, কিউসিই, এলজিইডি, রংপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম কালু, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন রাজু, এলজিইডি নীলফামারীর মৎস্য ফ্যাসিলিটেটর ও সোসিওলজিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম, সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মালেক, জেনারেল ফ্যাসিলিটেটর মোস্তফা হাবিব এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সমিতির বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন, যা সমিতির কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিতকরণ, খালের পানি সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টন, পানি প্রবাহ সচল রাখা, খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে কৃষকদের মধ্যে সমন্বয় সৃষ্টি, পানির অপচয় রোধ, সেচ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কৃষিবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, পানি ব্যবস্থাপনা কার্যক্রমকে টেকসই করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত চাঁদা প্রদান, সমবায়ের নীতিমালা অনুসরণ এবং খালের অবকাঠামো সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে খালের পানি ব্যবস্থাপনার পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শেষাংশে সমিতির উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরভাবে পানি ব্যবস্থাপনা পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এলাকার কৃষি উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।
Post a Comment