দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন
মোঃ মকবুলার রহমান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধনের পথে নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের বহুল প্রতীক্ষিত কমপ্লেক্স ভবন। আগামী ৩১ জুলাই শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়নবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু ।
চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, তিনি নিজেকে কখনো জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং ভোগডাবুড়ি ইউনিয়নের মানুষের একজন সেবক হিসেবে মনে করেন। আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়নে কাজ করে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেই আস্থা ও বিশ্বাসের প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বিগত সময়ে ব্রিজ, কালভার্ট, রাস্তা এবং বিভিন্ন সংযোগ সড়ক নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগকে উল্লেখ করেন।
চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবায়নে তার রাজনৈতিক নেতা, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, তুহিনের আন্তরিক সহযোগিতা না থাকলে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। এ কারণে তিনি বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানুর। অনুষ্ঠানে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।
চেয়ারম্যান তাঁর বক্তব্যে দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মতবিনিময় সভায় এলাকার জলাবদ্ধতা, রাস্তার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, আশপাশের প্রায় সব ইউনিয়ন পরিষদে আধুনিক ভবন নির্মিত হলেও ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে পূর্ণাঙ্গ প্রশাসনিক ভবন থেকে বঞ্চিত ছিল। ফলে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই ইউনিয়নবাসীকে বিভিন্ন নাগরিক ও প্রশাসনিক সেবা গ্রহণ করতে হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে শর্তসাপেক্ষে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ভবন নির্মাণে মোট ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৪৪১ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
চেয়ারম্যান মোহাম্মদ রেয়াজুল ইসলাম বলেন, এই কমপ্লেক্স ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি ভোগডাবুড়ি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার বাস্তব রূপ। তিনি ইউনিয়নবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবনটি নির্মাণ শেষে এটিকে জনগণের সম্পদ হিসেবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, এই স্থাপনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এটি ভোগডাবুড়ি ইউনিয়নের প্রতিটি মানুষের সম্পদ। তাই সবাইকে এটি নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে।
তিনি ইউনিয়নবাসীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চালু হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সংকটের অবসান ঘটবে।
Post a Comment