ডিমলায় অতি দরিদ্র নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নীলফামারীর ডিমলা উপজেলায় অতি দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। তিনি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও হুইলচেয়ার তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতি দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন, ডিমলা, নীলফামারীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
Post a Comment