ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ 🔥চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ 🔥ডিমলায় অতি দরিদ্র নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ 🔥মিঠাপুকুরে বিশুদ্ধ পানির আলো: ৫৫ জনের মুখে স্বস্তির হাসি 🔥দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা


নিজস্ব প্রতিবেদক।। 
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে বহির্বিভাগে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কঠোরভাবে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বহির্বিভাগ, রোগীদের সেবার মান, টিকিট কাউন্টার, ওয়ার্ড এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে তিনি বিভিন্ন অভিযোগ শোনেন। অভিযোগের ভিত্তিতে টিকিট বিক্রির বিষয়টি যাচাই করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা নিশ্চিত হন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সরকারি হাসপাতাল জনগণের আস্থার জায়গা। এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। রোগীদের সঙ্গে অসদাচরণ কিংবা সরকারি নির্দেশনা অমান্য করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জেলা সিভিল সার্জন। তিনি হাসপাতালের বিভিন্ন স্থানে অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, সরকারি হাসপাতালের প্রতিটি সেবা নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হতে হবে। কোনো রোগী যেন অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, ভবিষ্যতেও পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন চালানো হবে। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জনের এ আকস্মিক পরিদর্শন ও কঠোর অবস্থানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকলে সরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

No comments