সাজেদুর রহমান মিঠাপুকুর প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয় সুধীজনদের নিয়ে এক মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলার আদারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলহাজ্ব শাহ মো. তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাছরিন আখতার সহ প্রমুখ।
প্রধান অতিথি পারভেজ বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অভিভাবক সচেতনতার উপর জোর দেন এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব ভেবে-চিন্তে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে লাভ-লোকসান, কষ্ট ও দুঃখ—সব দিক বিবেচনায় রাখতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে। আর শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি শফিকুল ইসলাম চেয়ারম্যান বলেন,শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে সন্তানদের সুরক্ষিত রেখে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments