রংপুরে নুজশাত আত্মহত্যা মামলা: মেডিকেল শিক্ষার্থী সাকিনের এক দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাকিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মোহাম্মদ রাশেদ হোসাইন তিন দিনের পরিবর্তে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী সাকিনের জামিনের আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন। পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকেলে রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরদিন, ২৩ জুন, নিহত নুজশাতের বাবা মোঃ নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মানসিক নির্যাতন ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নুজশাতকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই মামলায় অভিযুক্ত করা হয় মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে।
এদিকে, তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে সাকিনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Post a Comment