Trending

6/recent/ticker-posts

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে সংসদে সোচ্চার এমপি আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে ইবতেদায়ি মাদ্রাসা সরকারি করার জোরালো দাবি উত্থাপন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মাদ্রাসা সরকারি করার প্রস্তাবনা পেশ করে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে রাষ্ট্রের সরাসরি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “জনাব স্পিকার, আমি বলতে চাই, যখন বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামায়াতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত এই সরকার দেশের সকল ইবতেদায়ি মাদ্রাসার সরকারি করণ করে প্রমাণ করুক যে তারা ইসলামবান্ধব সরকার।”
মাওলানা আব্দুস সাত্তার বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারি স্কুল ও কলেজ থাকলেও প্রাথমিক পর্যায়ের মাদ্রাসা শিক্ষাকে সরকারি ব্যবস্থার আওতায় আনার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, চলতি বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে কিছু বরাদ্দ বৃদ্ধি করা হলেও ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারি করার কোনো সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মুসলিম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইবতেদায়ি পর্যায়ে শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সংসদ সদস্য আব্দুস সাত্তার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষাকে অবহেলার চোখে না দেখে জাতীয় শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মাদ্রাসা সরকারি করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক এবং আধুনিক শিক্ষা সুবিধা নিশ্চিত করার প্রস্তাব দেন।
তার এ বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও জাতীয়করণ বিষয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Post a Comment

0 Comments