চাঁপাইনবাবগঞ্জে মাদকের বড় চালান আটক, ট্রাকসহ গ্রেপ্তার ২
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন কার্যালয়ের পাশের সড়কে সন্দেহভাজন একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক মো. রিয়াদ হোসেন (২০) কে আটক করা হয়। বিজিবি ট্রাকটি, উদ্ধারকৃত সিরাপ এবং একটি মোবাইল ফোন জব্দ করে। এই অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির আরেকটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Post a Comment