ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান: ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

পবিত্র রমজানের খাদ্যাভ্যাস

পবিত্র রমজান মাস ইসলাম
ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে বছরের
অন্যান্য সময়ের তুলনায় খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন
দেখা যায়। যদি এই সময়ে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত আহার
করা না হয়, তবে এক মাস রোজা রাখা কষ্টকর হয়ে পড়ে।
কারণ এই মাসে যেমন ধর্মীয় নির্দেশনায় উপবাস করতে
হয়। তেমনি জাগতিক নিয়মে ঘরে-বাইরের সব কাজই
করতে হয়। এ জন্য সুস্থ থাকা এ সময় খুবই জরুরি। এ জন্য
আজ জানিয়ে দিচ্ছি খাদ্যের তালিকায় কী খাবার
থাকা প্রয়োজন বা জরুরি-
ইফতারির সময়
সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যের পর ইফতারের মধ্য
দিয়ে কিছু একটা খেতে হয়। এই খাওয়াটাও হওয়া চাই
বুঝে-শুনে। শরবত বা ডাবের পানি, কাঁচা ছোলা, কম
তেলে ভাজা ছোলা, পেঁয়াজু, বেগুনি অথবা আলুর চপ বা
যে কোনো একটি তেলে ভাজা মুড়ি অথবা চিড়া এবং
ফল খাওয়া যেতে পারে। তবে যেদিন হালিম অথবা
খিচুড়ি খাওয়া হবে সেদিন বেসনের বা ডালের তৈরি
ভাজা খাবার এবং মুড়ি বা চিড়া বাদ দেয়া ভালো।
আবার নুডলস অথবা ফ্রায়েড রাইস খেলেও মুড়ি অথবা
চিড়া বাদ দেয়া উচিত। ইফতারির কাঁচা ছোলার সঙ্গে
আদা কুচি, লবণ ও পুদিনা পাতা কুচি দিয়ে খাওয়া যায়।
এটা হজমে যেমন সহায়ক, তেমনি ভিটামিন ও খনিজ
লবণের ঘাটতি এতে দূর হবে। রমজানের সময় ইফতারিতে
খেজুর একটি বিশেষ উপাদান হিসেবে ব্যবহার হয়ে
আসছে। প্রতিদিন অন্যান্য খাবারের সঙ্গে একটি বা
দুটির বেশি খেজুর খাওয়ার তেমন প্রয়োজন নেই। কারণ,
এতে ক্যালরি ও শর্করার পরিমাণ বেশি থাকে। যদিও
পর্যাপ্ত লৌহ খেজুর থেকে পাওয়া সম্ভব।
সন্ধ্যা রাতের খাবার
রোজার সময় সন্ধ্যা রাতের খাবারের গুরুত্ব তেমন থাকে
না। অনেকেই এই রাতে খাবার খান না তারাবি
নামাজের ব্যঘাত ঘটবে এই ভেবে। তারপরও যদি মনে হয়
খেতে হবে, তাহলে যেন খাবার গুরুপাক ও বেশি হয়ে না
যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু ইফতারিতে
ডালের তৈরি খাবার বেশি হয়। সেহেতু এ সময় ডাল বাদ
দেয়া যেতে পারে। এ সময় হালকা মসলায় রান্না করা
মাছ ও সবজি থাকলে ভালো হয়। ইফতার ও সেহরিতে
অনেক সময় সবজি খাওয়াটা বাদ পড়ে যায়। অনেকেই
রমজানে সেহরি ও ইফতারে সবজি একেবারেই পছন্দ
করেন না। তাদের জন্য সন্ধ্যারাতেই সবজি খাওয়ার
উপযুক্ত সময়। এ রাতে খাবারে ছোট মাছও রাখা যেতে
পারে।
সেহরির খাবার
সেহরির খাবার গ্রহণ করার অবশ্যই একটি স্বাস্থ্যগত দিক
রয়েছে। কারণ, যদি সেহরিতে খাবার না খান তাহলে
অবশ্যই দুর্বল হয়ে পড়বেন। এতে ক্যালরির ঘাটতি দেখা
দেবে। ফলে এক মাস রোজা রাখা অসম্ভব হয়ে পড়বে।
সেহরির সময় না খেলে আমাদের দেহের বিপাকক্রিয়ায়
বেশ পরিবর্তন আসতে পারে। এতে গ্লুকোজ ক্ষয় বেশি
হয় বলে ক্লান্তি আসে।
সেহরিতে ভাতই খেতে হবে এমন কোনো কথা নেই। রুচি
অনুযায়ী রুটি, পরাটা, দুধ, সেমাই ইত্যাদি খাওয়া যেতে
পারে। এ সময় মাংস ও ডিম খাওয়া সুবিধাজনক। এই
সময়টাতে ঘন ডাল খাওয়া যেতে পারে। এছাড়া ছোট-বড়
সবার জন্যই এক কাপ দুধ খাওয়া উচিত। কারণ, খাবারে
চাহিদামতো প্রোটিন বা আমিষ না থাকলে উপবাসের
সময় শক্তির ঘাটতি দেখা দেবে।
মোট কথা অন্যান্য দিনে যার যতটুকু ক্যালরির চাহিদা
থাকে, ততটুকু ক্যালরি রমজানের তিন বেলা আহারে
গ্রহণ করতে হবে। এর বেশিও নয়, আবার কমও নয়। রোজার
সময় প্রত্যেকের শারীরিক অবস্থা বিবেচনা করেই মেন্যু
ঠিক করা উচিত। তবে আমার কথা এই যে কিছু দিন আগে
পর্যন্তও দেখা যেত যে যে কোনো অসুস্থতায় অনেকেই
রোজা রাখাকে আতঙ্কজনক বলে ভাবতেন। বর্তমানে
চিকিত্সক ও পুষ্টিবিদদের উপদেশ, আশ্বাস ও
সহযোগিতার ফলে অসুস্থতা নিয়েও অনেকে নির্বিঘ্নে
রোজা রাখতে পারছেন।
ডায়াবেটিস থাকলে চিনি-মিষ্টি-গুড়-মধু শরবত কিংবা
অন্যান্য খাবার থেকে মিষ্টি বাদ দিতে হবে। পেপটিক
আলসারের রোগী হলে ডুবো তেলে ভাজা এবং ঝাল
খাবার বাদ দিতে হবে। তারা খেতে পারেন চিড়া, কলা,
চিড়া-দই, মুগের ডালের নরম খিচুড়ি, নুডুলস ইত্যাদি।
রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ
বেশি থাকলে ইফতারিতে তেঁতুল ও রসুনের চাটনি
খাওয়া যেতে পারে। যদি কোনো কারণে ডাল খাওয়া
নিয়েও সমস্যা থাকে, তাহলে ইফতারিতে চালের গুঁড়া
বা ময়দার বড়া এবং চিড়া, দই, নুডুলস, ফ্রায়েড রাইস
খাওয়া যেতে পারে।
ওজন বেশি থাকলে তেলের পরিমাণ কমাতে হবে এবং
সম্পূর্ণ খাবার থেকে ক্যালরি কমাতে হবে। এদিকে
যাদের ওজন কম তাদের জন্য ইফতারিই আদর্শ খাবার।
অবশেষে বলা যায়, রমজান মাসে যে খাবারই গ্রহণ করুন
না কেন, তা যেন সহজপাচ্য ও সীমিত হয়। কারণ, এ সময়ে
অতিরিক্ত খাবার দেহের রাসায়নিক উপাদানের মধ্যে
সূক্ষ্মভাবে পরিবর্তন আনে। ফলে রক্তের ঘনত্ব বৃদ্ধি
পায়। এতে শারীরিক দুর্বলতা অনুভূত হয়। সুতরাং খাবার
এমনভাবে গ্রহণ করতে হবে যেন এক মাস নির্বিঘ্নে
রোজা রাখা সম্ভব হয়।

No comments