থানাবাজার কিন্ডারগার্টেনের নতুন ক্যাম্পাস উদ্বোধন
মোঃ মকবুলার রহমান,
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের থানাবাজারে নতুন ও আধুনিক ক্যাম্পাসে যাত্রা শুরু করেছে থানাবাজার কিন্ডারগার্টেন। দীর্ঘ ১০ বছর পর প্রতিষ্ঠানটির স্থান পরিবর্তনের মধ্য দিয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য উন্নত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এ উদ্যোগ। নতুন ক্যাম্পাসে আধুনিক শিক্ষা উপকরণ, নৈতিক ও ধর্মীয় শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদানসহ থাকছে নানা সুযোগ-সুবিধা।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। উদ্বোধন শেষে তিনি ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণিকক্ষ, অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের মনোরম পরিবেশ, সুন্দর অবকাঠামো এবং শিক্ষাবান্ধব আয়োজনের প্রশংসা করেন।
রেয়াজুল ইসলাম কালু বলেন, থানাবাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। নতুন ক্যাম্পাসের পরিবেশ ও অবকাঠামো দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অনেক দূর এগিয়ে যাবে। এ সময় তিনি এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ বলেন, দীর্ঘ ১০ বছর পর থানাবাজার কিন্ডারগার্টেনের স্থান পরিবর্তন করা হয়েছে। তবে এটি কেবল স্থান পরিবর্তনের বিষয় নয়; বরং শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই নতুন ক্যাম্পাসের যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান।
তিনি আরও বলেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালতুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল মাসুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নম্বর ওয়ার্ড, ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন লালু, সাবেক সাধারণ সম্পাদক ইনসান আলী, চিলাহাটি প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম প্রামাণিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪ নম্বর ওয়ার্ড, ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব আমিনুল ইসলাম। উদ্বোধনী আয়োজন শেষে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নতুন ক্যাম্পাসে যেসব সুযোগ-সুবিধা থাকছে
থানাবাজার কিন্ডারগার্টেনের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সার্বিক বিকাশের জন্য বেশ কিছু আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, নূরানী পদ্ধতিতে ধর্মীয় শিক্ষা এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি যাচাইয়ে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন বছর থেকে বার্ষিক ভিত্তি পরীক্ষা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা এবং নতুন বছর থেকে কম্পিউটার প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পাসে গেটম্যান, উন্নত বাথরুম এবং অগ্নিনির্বাপণের জন্য ফায়ার এক্সটিংগুইশার রাখার ব্যবস্থা করা হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য করতে উন্নতমানের নিজস্ব ক্যান্টিন এবং যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক বা ড্রেস কোড, নিয়মিত মাসিক অভিভাবক সমাবেশ এবং অভিভাবকদের বসার জন্য সুসজ্জিত স্থানও রাখা হয়েছে। প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগ বক্স স্থাপন এবং দক্ষ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন ক্যাম্পাসের আধুনিক অবকাঠামো, উন্নত শিক্ষার পরিবেশ ও বহুমুখী সুযোগ-সুবিধার সমন্বয়ে থানাবাজার কিন্ডারগার্টেন অত্র এলাকার শিক্ষা বিস্তারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ করে শিশুদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে প্রতিষ্ঠানটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Post a Comment