ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ


মোঃ শরিফ বিল্লাহ,ডোমার (নীলফামারী) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আটটি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে টি-শার্ট বিতরণ এবং আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর উন্নয়নে ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক, ভোগডাবুড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথসহ ইউনিয়নের আটটি পূজামণ্ডপের পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউপি সদস্য আব্দুল খালেক হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, তাঁদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে জনপ্রতিনিধিরা পাশে থাকবেন। সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তাঁর দাবি, বিগত ১৫ বছরে অনেক পূজামণ্ডপে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কোথাও ভাঙা বেড়া, কোথাও জরাজীর্ণ চালসহ নানা সমস্যার মধ্যেই পূজার আয়োজন করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ডোমার উপজেলায় মোট ১০৫টি পূজামণ্ডপ রয়েছে। বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এ অঞ্চলের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে উপজেলার পূজামণ্ডপগুলোর উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে। পূজামণ্ডপগুলোর অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে আটটি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে টি-শার্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি আর্থিক অনুদান যথাসময়ে তাঁদের হাতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

এ সময় সহায়তা পাওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির উদ্যোগ দুর্গাপূজা উদযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

No comments