ডোমারে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে প্রথম স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আহত গৃহবধূ ময়না বেগমকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ময়না বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে প্রবাসী পারভেজ হাচানের সঙ্গে ২০০৬ সালে পারিবারিকভাবে বিয়ে হয় বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ময়না বেগমের। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে।
ময়না বেগমের অভিযোগ, ২০২৪ সালে চাকরির সুবাদে পারভেজ হাচান সৌদি আরবে যান। সেখানে থাকাকালে গোমনাতী কলেজপাড়া এলাকার রাসেল আহমেদের স্ত্রী, দুই সন্তানের জননী এবং গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার সুমির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে গত ৯ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরেন পারভেজ হাচান। ময়না বেগমের দাবি, তার অনুমতি ছাড়াই গত ২৩ জুলাই গোপনে সেলিনা আক্তার সুমিকে বিয়ে করেন পারভেজ। এরপর থেকেই পারিবারিকভাবে অশান্তি শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর পারভেজ হাচান দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার সুমিকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। একই বাড়িতে দুই স্ত্রীকে নিয়ে বসবাসের বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ আরও তীব্র হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর দুপুরে পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে পারভেজ হাচান ও সেলিনা আক্তার সুমি মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন ময়না বেগম। একপর্যায়ে তিনি গুরুতর আহত হলে খবর পেয়ে তার ভাই ও ভাবী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে পারভেজ হাচান ও সেলিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মারধরের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, পারিবারিক বিষয় নিয়ে সামান্য ঝগড়া হয়েছে, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ময়না বেগম। একই সঙ্গে নিজের ও সন্তানদের নিরাপত্তা এবং দাম্পত্য জীবনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
Post a Comment