নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন
কাওছার আহমেদ, জামালপুর প্রতিনিধি।।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে জামালপুরে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ৫১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী। নিয়োগপত্র পাওয়ার দাবিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা ভবনের সামনে মাটিতে বসে অবস্থান নেন তারা।
অনশনকারীদের দাবি, জামালপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মোট ১৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জন এবং দ্বিতীয় ধাপে একজনসহ মোট ৮৫ জন প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন। তবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও বাকি ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি।
আন্দোলনকারীরা জানান, তাদের প্রয়োজনীয় কাগজপত্র বৈধ ও যথাযথ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো আইনগত জটিলতা না থাকার দাবি করে দ্রুত নিয়োগপত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।
তাদের অভিযোগ, একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত অন্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও তারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এতে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অনশনকারীরা বলেন, চাকরির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টকর। বিষয়টি দ্রুত সমাধান করে আজকের মধ্যেই তাদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা ভবনের সামনে ৫১ জনের আমরণ অনশন কর্মসূচিকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
আন্দোলনকারীদের একটাই দাবি—চূড়ান্ত সুপারিশের পর আর কোনো অপেক্ষা নয়, দ্রুত নিয়োগপত্র দিতে হবে।
Post a Comment