সাইকেলে বাংলাদেশ ভ্রমণের প্রত্যয়ে গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে মোবাশ্বের আলী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
সাইকেলে চড়ে পুরো বাংলাদেশ ভ্রমণের প্রত্যয় নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়েছেন রংপুরের মোবাশ্বের আলী। ব্যতিক্রমী এই ভ্রমণ উদ্যোগের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পরিচিত হওয়া, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং ভ্রমণের মাধ্যমে দেশকে কাছ থেকে জানার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
আজ গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে পৌঁছে তিনি শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ভ্রমণ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার, শারীরিক ও মানসিক সুস্থতা এবং জীবনের লক্ষ্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মোবাশ্বের আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বাস্তব জীবন ও সমাজকে জানারও প্রয়োজন রয়েছে। দেশকে জানতে হলে দেশের মানুষের কাছে যেতে হবে, বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। সাহস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা থাকলে কঠিন পথও অতিক্রম করা সম্ভব।
তার সাইকেলে করে সারা বাংলাদেশ ভ্রমণের উদ্যোগ গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উৎসাহের সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীরা তার ভ্রমণের অভিজ্ঞতা, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দেশভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতাও তুলে ধরেন।
এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ভ্রমণ, দেশকে জানা এবং আত্মনির্ভরশীল হওয়ার আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যতিক্রমী এই যাত্রায় মোবাশ্বের আলী দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও প্রকৃতিকে কাছ থেকে দেখার পাশাপাশি তার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্য ও মতবিনিময় শেষে গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ ও ফটোসেশনে অংশ নেন দৈনিক সকালবেলার ডোমার উপজেলা প্রতিনিধি মোঃ মকবুলার রহমান। এ সময় সাইকেলে বাংলাদেশ ভ্রমণের এই ব্যতিক্রমী উদ্যোগকে শুভকামনা জানানো হয়।
Post a Comment