ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাটে মাদকবিরোধী মানববন্ধন: তরুণ সমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন। মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। তারা বলেন, সমাজে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা ও তিলাই ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। উভয় দলের নেতারা দলীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ ও সামাজিক অবক্ষয় আরও বাড়বে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ৩ নম্বর তিলাই ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর তিলাই ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুর রহমান, সমাজসেবক অ্যাডভোকেট মো. মিলন হোসেন এবং সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক সরকার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আয়োজকদের মতে, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একযোগে এগিয়ে এলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা সহজ হবে।

No comments