Trending

6/recent/ticker-posts

মাদক, জুয়া ও শিক্ষার গুরুত্ব নিয়ে জলঢাকায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার তিনবট বাজার এলাকায় মাদক, জুয়া ও শিক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে এবং শিক্ষার প্রসারে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে তিনবট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমানত-খিদমাহ ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমানে সমাজের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ এসবের প্রতি আকৃষ্ট হওয়ায় সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার আলোই পারে একটি জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে আগামী প্রজন্মকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা সম্ভব হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এর আগে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তিনবট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক ও জুয়াবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

Post a Comment

0 Comments