দেবীগঞ্জে বিদ্যালয়ে ভূত আতংকে অসুস্থ ১৪ ছাত্রী
বিমল কুমার রায়
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যালয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৪ জন ছাত্রী। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের কাউন্সেলিং করেন। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা সবাই সুস্থ রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রীতিলতা কমন রুমে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর একই শ্রেণিসহ অন্যান্য শ্রেণির আরও কয়েকজন ছাত্রী কান্নাকাটি ও অসুস্থতার কথা জানায়। একপর্যায়ে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণির ৬ জন, ষষ্ঠ শ্রেণির ২ জন এবং অষ্টম শ্রেণির ৬ জন রয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রথমে একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর একে একে আরও কয়েকজনের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। পরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও কাউন্সেলিং করা হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল আলিম বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে শিক্ষার্থীরা ভয় ও আতঙ্কের কারণে অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে প্রীতিলতা অসুস্থ হয়। তার একটি পরীক্ষা ছিল বলে জানা গেছে। পরীক্ষাকে ঘিরে দুশ্চিন্তা থেকেও এমনটি হতে পারে। পরে অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, প্রীতিলতার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।
দেবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জানান, শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে ইউএনওর নির্দেশে চিকিৎসকসহ বিদ্যালয়ে যাওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হয়েছে। বর্তমানে অসুস্থ সবাই সুস্থ আছে।
Post a Comment