এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) দুপুরে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালাউক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে কালাউক বাজারের মুদি ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ফল ব্যবসায়ী কাজল মিয়াকে ওই আইনের ৪৬ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডের আদেশ দেন। এ সময় লাখাই থানার একদল পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয়ভাবে বাজার ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
0 Comments