বোদা-দেবীগঞ্জে ১৬ মন্দিরে ১ কোটি ৬৫ লক্ষ টাকার বরাদ্দপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ


‎
‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব বরাদ্দপত্র তুলে দেন।
‎
‎মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহায়তা দেওয়ার লক্ষ্যে এ অনুদান দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
‎
‎অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।
‎
‎আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও ঘোষণা দেন তিনি।
‎
‎অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
‎
‎দেবীগঞ্জ পৌর শহরের সীতানাথ মহাক্ষেত্র ধামের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বরাদ্দ পেয়ে বলেন, “মন্দিরের উন্নয়ন ও সংস্কারের জন্য এই অনুদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মন্দিরটির বিভিন্ন উন্নয়নকাজের প্রয়োজন ছিল। এই বরাদ্দ পাওয়ায় মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজ আরও সুন্দরভাবে করা সম্ভব হবে। এ জন্য আমরা মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আমরা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে চাই।”
‎

إرسال تعليق

0 تعليقات