লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার



এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামের মৃত শুকুম আলীর ছেলে রুবেল মিয়া এবং লাখাই ইউনিয়নের রুহিতনশি গ্রামের আছ আছমদ আলীর ছেলে আনু মিয়া।

থানা সূত্রে জানা যায়, আদালতের পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে লাখাই থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক সাহা ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াসিম ও আব্দুল হাকিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা নিজ নিজ বাড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে পরোয়ানা এড়িয়ে চলার পর পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর শুক্রবার (৩০ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments