লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা


এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে সার বিক্রির রেজিস্ট্রার খাতায় তথ্যের গরমিল এবং অবৈধভাবে সার পাচারের অভিযোগে স্বপন কুমার দেব নামে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার বিক্রির হিসাব-নিকাশ ও সংরক্ষিত রেজিস্ট্রার খাতা পরিদর্শনকালে বিভিন্ন তথ্যের অসংগতি পাওয়া যায়। পাশাপাশি অবৈধভাবে সার অন্যত্র পাচারের অভিযোগও উঠে আসে। এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সার ডিলার স্বপন কুমার দেবকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সার বিক্রির নথিপত্র ও সার বিতরণ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম এবং লাখাই থানা-পুলিশের একটি দল।

অভিযান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিক নিয়মে বিক্রি ও বিতরণ নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধভাবে সার অন্যত্র সরিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, কৃষি উৎপাদন সচল রাখতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকির মাধ্যমে সার সরবরাহ করে আসছে। এসব সার যাতে প্রকৃত কৃষকদের কাছে যথাযথভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। কিন্তু কিছু অসাধু ডিলারের অনিয়মের কারণে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।

এ অবস্থায় কৃষি উপকরণ বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, সার বিতরণে অনিয়ম প্রতিরোধ এবং সরকারি সার অবৈধভাবে পাচার বন্ধে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

إرسال تعليق

0 تعليقات