মাঠের হাটের যুব সমাবেশে চেয়ারম্যান শফিকুল ইসলামের নির্বাচনী ও উন্নয়নমূলক ঘোষণা


সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।। 

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নে 'সচেতন যুব সমাজের' উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর রাতে ইমাদপুর ইউনিয়নের মাঠের হাট কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ সংলগ্ন স্থানে এই সমাবেশের আয়োজন করা হয়। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ থেকে দূরে রেখে একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইমাদপুর ইউনিয়নের সচেতন যুব সমাজের প্রতিনিধি  সভাপতিত্বে আব্দুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন,যুব সমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। তরুণরা চাইলে সমাজ থেকে মাদক, ইভটিজিং ও অন্যায়-অবিচার দূর করা সম্ভব। ইমাদপুর ইউনিয়নের যুবসমাজ যেভাবে সচেতন হয়ে আজ ঐক্যবদ্ধ হয়েছে,তা সত্যিই প্রশংসনীয়। আমি ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যুবকদের যেকোনো ভালো ও গঠনমূলক কাজের সাথে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
এলাকার উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে চেয়ারম্যান শফিকুল ইসলাম আরও বলেন, ইমাদপুর ইউনিয়নের রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং অবকাঠামোগত সমস্যা দূর করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া কোনো প্রকার অনিয়ম ও দালাল চক্র ছাড়াই প্রকৃত অসহায়, দুস্থ, বিধবা ও বয়স্ক ব্যক্তিরা যেন শতভাগ ভাতার সুবিধা পান, তা নিশ্চিত করা হয়েছে এবং এর পরিধি আরও বাড়ানো হবে। যোগ্য কোনো মানুষ যেন সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত না হয়,সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি উপস্থিত জনতা ও যুব সমাজের উদ্দেশ্যে বলেন,ইমাদপুরের যে উন্নয়নমূলক কাজগুলো এখনো বাকি রয়েছে, সেগুলো আমি সম্পন্ন করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন এবং আগামী নির্বাচনে আমি আবার নির্বাচিত হতে পারি,তবে এই ইমাদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং আরও ব্যাপক উন্নয়নমূলক কাজ উপহার দেব।
সমাবেশে এলাকার যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার এবং বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন যুব সমাজের সদস্যবৃন্দ এবং মাঠের হাট ও এর আশেপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ যুবক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments