মিঠাপুকুরে বিএনপি সভাপতির বাড়িতে মোটর চুরির চেষ্টা , ছাত্রদল নেতা শরীফ থানা হেফাজতে
সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৮ নং চেংমারী ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়িতে মোটর চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। গত ৩রা সেপ্টেম্বর গভীর রাতে চেংমারী ইউনিয়নের রামেশ্বরপুর মাস্টারপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃত ছাত্রদল নেতার নাম শরীফ, তিনি স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৩রা সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে চেংমারী ইউনিয়ন বিএনপির সভাপতির রামেশ্বরপুর মাস্টারপাড়ার বসতবাড়িতে পানি তোলার মোটর চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন ছাত্রদল নেতা শরীফ। এ সময় বাড়ির গৃহকর্মী তাকে দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। গৃহকর্মীর চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে শরীফ নিজের শার্ট ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পরদিন পুলিশ এ বিষয়ে শরীফকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেন। এরপর মিঠাপুকুর থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী চেংমারী ইউনিয়ন বিএনপি সভাপতি জানান, রাজনীতি ও দলীয় পদের আড়ালে শরীফ যে এমন চুরির কর্মকাণ্ডে জড়িত, তা আমাদের জানা ছিল না। নিজ দলের নেতার বাড়িতেই সে মোটর চুরির এই দুঃসাহস দেখিয়েছে। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানান, ব্যক্তির কোনো অপরাধের দায় দল নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা শরীফের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে শরীফ নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Post a Comment